বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানিয়েছে। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে কৃষক শ্রমিক জনতা লীগ জানায় যে, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা থেকে তাদের দলের জন্ম এবং তারা সবসময় এমন নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে বিদ্যমান পরিস্থিতিতে তারা একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা দেখছে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেখানে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অত্যাবশ্যক, সেখানে এখনও অনেক পক্ষকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে কোনো উৎসাহ বা উদ্দীপনা অনুপস্থিত। এই প্রেক্ষাপটে, কৃষক শ্রমিক জনতা লীগ তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না।
শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হয়ে ‘পাতানো’ রূপ নেওয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ ছিল, যা ২৪’র জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ববর্তী সরকারের পতনে রূপ নেয়। দেশবাসী একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করলেও, অন্তর্বর্তীকালীন সরকার সকলের জন্য এখনও নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। বরং পরিস্থিতি পূর্ববর্তী সরকারের আমলের চেয়েও খারাপ বলে দাবি করা হয়েছে। মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা কমেছে এবং আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপের অভাব এবং নির্বাচনের সময়ে সরকারিভাবে অস্ত্রের অনুমোদন পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসব বিবেচনা করে, গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ বর্ধিত সভায় দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

