ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার ঢেউ এখন পারস্য উপসাগরের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং কুয়েতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই বিস্ফোরণের পরপরই কুয়েতজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে, যা পুরো অঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
অন্যদিকে, আল জাজিরা অ্যারাবিক কুয়েতে বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সেখানের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হচ্ছে।
কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। উল্লেখ্য, কাতারে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি অবস্থিত, যা মধ্যপ্রাচ্যে আমেরিকানদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
এছাড়া, বাহরাইনেও বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার তথ্য মিলেছে। ধারণা করা হচ্ছে, দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও, এর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

