রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা এবং শেখ রাকিবুজ্জামান নামের আরও একজন নিহত হয়েছেন। গতকাল, ৯ মার্চ, সোমবার দুপুরের দিকে স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত এল এ প্লাজা নামের একটি বহুতল বাণিজ্যিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ১১ তলা ভবনটির চতুর্থ তলায় অবস্থিত একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো ভবনে তীব্র ধোঁয়া সৃষ্টি হয়, যা উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করে। ঘটনার পরপরই আতঙ্কিত হয়ে অনেকে ভবনের ছাদে আশ্রয় নেন।
ফায়ার সার্ভিস কর্মীরা ছাদ থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। নিহত আয়েশা সিদ্দিকা অনন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর পূর্বপাড়ায়। তার বাবা আব্দুল হান্নান একজন অটোরিকশা চালক। অন্যদিকে, শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।
আজ, ১০ মার্চ, মঙ্গলবার সকালে মিরপুর থানা আইনি প্রক্রিয়া শেষে অনন্যার মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করেছে। বিমানবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

