রাজধানীর তিনটি ভিন্ন স্থান থেকে মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব খণ্ডিত অংশ মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে একটি পা উদ্ধার করা হয়। এরপর শনিবার সকাল সাড়ে ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশ থেকে দুটি কাটা হাত এবং দুপুরে কমলাপুর রেলস্টেশন থেকে আরও একটি পা উদ্ধার করা হয়। স্কাউট ভবনের পাশ থেকেও একটি পা উদ্ধার করা হয়েছে।
মতিঝিল থানার উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত দেহের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহর। দেহের অবশিষ্ট অংশের সন্ধানে কাজ করছে পুলিশ। কে বা কারা এসব খণ্ডিত অংশ ফেলে গেছে, তা জানতে ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
