প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে স্থাপিত অভিনন্দন ব্যানার, বিলবোর্ড এবং বিজ্ঞাপন অনতিবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নির্দেশনা দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন।
রুমন জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটি তখনই অপসারণ করা হয়। এছাড়া, বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত কোম্পানির বিজ্ঞাপনগুলোও দ্রুত সরিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এর আগেও বিজয় সরণীর সড়ক দিয়ে যাওয়ার সময় একটি এলইডিতে নিজের ছবি সম্বলিত অভিনন্দন বার্তা দেখে প্রধানমন্ত্রী তা অপসারণের নির্দেশ দিয়েছিলেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। সকাল ৯টা ১০ মিনিটে তিনি তাঁর কার্যালয়ে পৌঁছান। দিনের কর্মসূচির অংশ হিসেবে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। অতিরিক্ত প্রেস সচিবের ভাষ্যমতে, উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অবৈধ পাচার রোধে এবং মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল জোরদার করতে এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কোস্ট গার্ডকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এদিকে, রাজধানীর সড়কে ট্রাফিক সিগনাল মেনে চলার প্রবণতা বৃদ্ধির কারণে যানবাহনের গতি কিছুটা বেড়েছে বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি-প্রকৃতি বিষয়ক একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আজ উপস্থাপন করা হয়। উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিভিআইপি প্রটোকল ব্যবহার না করে চলাচল করায় যানবাহনের গতি প্রতি কিলোমিটারে এক কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। আতিকুর রহমান আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পূর্বে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ৪.৫ কিলোমিটার, যা একজন ব্যক্তির হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগনাল মেনে চলাচল করছেন।

