আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের পেশ করা হলফনামা থেকে তার বিপুল পরিমাণ সম্পদের তথ্য উঠে এসেছে। নির্বাচন কমিশনে গত ২৪ ডিসেম্বর জমা দেওয়া এই হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় ৮ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার ৬২১ টাকা। এছাড়াও, নির্বাচনের আগে তিনি অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
হলফনামা সূত্রে জানা যায়, সালাউদ্দিন আলমগীর একসময় বাংলাদেশের পাশাপাশি অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডারও নাগরিক ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর তিনি অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার নাগরিকত্ব ত্যাগ করেন। তার বয়স ৫০ বছর ১০ মাস ১৯ দিন এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক। পেশায় ব্যবসায়ী এই প্রার্থীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে; এর মধ্যে একটি খারিজ হয়েছে, একটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন এবং অন্য একটি মামলা উচ্চ আদালতে স্থগিত করা হয়েছে।
প্রার্থীর অস্থাবর সম্পদের পরিমাণ ৮৯ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ২২০ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৭০ কোটি ৪০ লাখ ৫০৫ টাকার অস্থাবর সম্পদ। নগদ তহবিলে সালাউদ্দিন আলমগীরের ১২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৮৬৫ টাকা এবং স্ত্রীর নামে ৭ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৮৬৩ টাকা রয়েছে। ব্যাংকে সালাউদ্দিনের ৩১ লাখ ১৫ হাজার ২১৫ টাকা এবং তার স্ত্রীর ৩ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৭৯৪ টাকা জমা আছে। বন্ড ও কোম্পানি শেয়ারে তার ৭০ কোটি ৩০ লাখ টাকা এবং স্ত্রীর ৪৫ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ রয়েছে।
আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে সালাউদ্দিনের নামে ৭৯ লাখ ৬১ হাজার ৩৩৫ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ২০ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ২৫ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৫ লাখ টাকার আসবাবপত্র। ৮০ ভরি সোনা রয়েছে সালাউদ্দিনের, যার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। স্ত্রীর ৮০ ভরি সোনা এবং চার সেট হিরার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। তার নিজের নামে কোনো গাড়ি না থাকলেও, স্ত্রীর নামে ৩ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা দামের একটি গাড়ি রয়েছে। এছাড়া, তার একটি পিস্তল ও একটি শটগান আছে, যার মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।
আয়ের উৎস হিসেবে বাড়ি ভাড়া থেকে ১ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার টাকা, শেয়ার সঞ্চয়পত্র থেকে ৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৬২১ টাকা, নিজস্ব ব্যবসা থেকে সম্মানী ২ কোটি ৯৬ লাখ ১৬ হাজার টাকা এবং ব্যাংকের বোর্ড মিটিং থেকে ১ লাখ ৭০ হাজার টাকা আয় দেখিয়েছেন তিনি।
অস্থাবর সম্পত্তির পাশাপাশি স্থাবর সম্পদেরও বিশদ বিবরণ দিয়েছেন সালাউদ্দিন। কৃষিজমির পরিমাণ তার ৫৪৬ শতাংশ, যার মূল্য ৬৭ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা। স্ত্রীর নামে ৩৫৩.৫০ শতাংশ কৃষিজমি রয়েছে, যার মূল্য ৫০ লাখ টাকা। অকৃষি জমির পরিমাণ ৩০৮৮.২৯ শতাংশ, যার অর্জনকালীন মূল্য ১২ কোটি ১ লাখ ৪৯ হাজার ৬৬০ টাকা। স্ত্রীর নামে ১৩৭.১০ শতাংশ অকৃষি জমি রয়েছে, যার মূল্য ৩ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মধ্যে তার ৪ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ১৪ টাকা এবং স্ত্রীর ৮ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৮৪৮ টাকার সম্পদ রয়েছে। উল্লেখ্য, এই প্রার্থী বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন, কিন্তু মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

