ভারতে মুসলিম হিসেবে পরিচিতি পাওয়ায় এক নারীকে ত্রাণ বিতরণ কর্মসূচিতে কম্বল না দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির সাবেক সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়ার বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
একটি ভিডিওতে দেখা যায়, টঙ্ক-সাওয়াই মাধোপুর থেকে নির্বাচিত সাবেক এই সাংসদ মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করছেন। এসময় একজন মহিলা নিজের মুসলিম পরিচয় দিলে ওই বিজেপি নেতা তাকে কম্বল না নিয়ে চলে যেতে নির্দেশ দেন।
সাবেক সাংসদ যুক্তি দেন যে, যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন, তাদের কম্বল পাওয়ার কোনো অধিকার নেই। তিনি আরও উল্লেখ করেন যে, এই কার্যক্রমটি কোনো সরকারি প্রকল্পের অংশ নয়, বরং তার নিজস্ব উদ্যোগে এটি পরিচালিত হচ্ছে।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর রাজস্থান বিধানসভার বিরোধীদলীয় নেতা টিকা রাম জুলি অভিযোগ করেছেন, বিজেপি নেতা একজন মুসলিম নারীকে অপমান করেছেন। তার ভাষ্যমতে, নিওয়াই তহসিলের কারেদা গ্রামে কম্বল বিতরণের সময় একজন নারীর নাম জানতে পারার পর তার কাছ থেকে কম্বল ফিরিয়ে নেওয়া হয়।
টিকা রাম জুলি বলেছেন, একজন সাবেক সাংসদ দরিদ্র নারীর ধর্ম জিজ্ঞেস করে কম্বল ফেরত নেওয়ার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং এটি স্পষ্ট বৈষম্য।
স্থানীয় বাসিন্দাদের মতে, গত রবিবার বিকেলে কম্বল বিতরণ কর্মসূচির শুরুতে বেশ কয়েকজন মহিলাকে কম্বল দেওয়া হলেও, পরে তাদের ধর্মীয় পরিচয় জানার পর কিছু কম্বল ফিরিয়ে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, সুখবীর সিং ওই এলাকায় আগামী ২৮ ফেব্রুয়ারি আজমীরে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফরের আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজস্থানের রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

