চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ম্যাচগুলো জমে উঠেছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় ভারতের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা কমে এসেছে। অন্যদিকে, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আশঙ্কার মুখে রয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে ক্রিকেট মহলে একটি প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে: সেমিফাইনালে কি ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে?
যদিও বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী পাকিস্তানের বিশ্বকাপ থেকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি, তবে গাণিতিক হিসাবে এখনও তাদের সেমিফাইনালে খেলার সুযোগ বিদ্যমান। এই সম্ভাবনা খুবই ক্ষীণ হলেও, একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।
পাকিস্তান সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ায়, শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে তাদের সর্বোচ্চ ৩ পয়েন্ট হবে। তবে গ্রুপ-২ এ এরই মধ্যে ইংল্যান্ড ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ পাকিস্তানের নেই। তাদের সেরা চারে জায়গা করে নিতে হবে রানার্সআপ হিসেবে। এক্ষেত্রে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে হবে পাকিস্তানকে।
এই সমীকরণ অনুযায়ী, ইংল্যান্ডকে তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে। এরপর নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে, যার ফলে তারা মাত্র ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করবে। এদিকে, পাকিস্তানকে তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করতে হবে। এমনটি হলে সুপার এইট পর্ব শেষে ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হবে। পাকিস্তান এক জয় ও একটি ড্র নিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থাকবে। শ্রীলঙ্কা ২ পয়েন্টে তৃতীয় এবং নিউজিল্যান্ড ১ পয়েন্টে চতুর্থ হবে।
পাকিস্তান গ্রুপ রানার্সআপ হলে ভারতকে চ্যাম্পিয়ন হতে হবে। এর জন্য জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচে ভারতকে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। এর ফলে সূর্যকুমাররা নেট রান রেটে এগিয়ে থেকে ৪ পয়েন্টে পৌঁছে যাবে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দুটি করে পয়েন্ট অর্জন করেছে। তাদের একে অপরের বিরুদ্ধে একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ছোট ব্যবধানে জয় পেতে হবে। এরপর জিম্বাবুয়ের কাছে দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে।
উল্লিখিত শর্তগুলো পূরণ হলে, ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুটি করে জয়ে সর্বোচ্চ ৪ পয়েন্ট অর্জন করবে। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থেকে ভারতকে গ্রুপ সেরা হতে হবে, আর প্রোটিয়ারা দ্বিতীয় স্থানে থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ২ করে পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের যেকোনো মুহূর্তে খেলার মোড় ঘুরতে পারে। যদিও পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম, কাগজে-কলমে এখনো তাদের স্বপ্ন বেঁচে আছে। তবে এ ধরনের জটিল সমীকরণ মেলানো অত্যন্ত কঠিন এবং শেষ পর্যন্ত পাক সমর্থকদের এই স্বপ্ন অলিকই থেকে যেতে পারে।

