ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুটি ইউনিয়ন) নির্বাচনী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা তার এলাকার ১৫টি খাল খননের জন্য আধা-সরকারিপত্র (ডিও লেটার) পেশ করেছেন। এই খালগুলো দ্রুত খননের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় বরাবর দুটি পৃথক ডিও লেটার জমা দেওয়া হয়। উভয় পত্রেই উল্লিখিত খালগুলো খননের গুরুত্ব তুলে ধরে কৃষক, জেলে ও সাধারণ মানুষের উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে দেওয়া ডিও লেটারে বিজয়নগর উপজেলার বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল খাল, ভবানীপুর খাল এবং সরাইলের নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল ও ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়েছে।
অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রীর কাছে পেশ করা ডিও লেটারে সরাইলের দেওড়া বড় খাল, লাখৌ নদী, জাফর খাল, আশুগঞ্জের আড়াইসিধা হতে বাজার চরচারতলা খাল, আড়াইসিধা খাল এবং বিজয়নগরের কুদালিয়া খাল, রথানী খাল ও ডাঙ্গীর খাল খননের জন্য অনুরোধ জানানো হয়েছে।

