নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি এই দাবি তোলেন।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, এই জঘন্য ঘটনায় স্থানীয় একজন বিএনপি নেতার জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। তিনি মহিষাশুরা ইউনিয়নের মেম্বার এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তিনি আরও জানান, প্রায় পনেরো দিন আগে নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ৫-৬ জন বখাটের একটি দল নূরার নেতৃত্বে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবা স্থানীয় মেম্বারের কাছে বিচার চাইতে গেলে ধর্ষকদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বিএনপি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপসের নামে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি মামলা করতে দেননি বরং মেয়েটির পরিবারকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য চাপ দেন।
তিনি আরও লেখেন, এই চাপের মুখে বুধবার বিকেলে মেয়েটিকে খালার বাড়িতে রেখে আসার সময় নুরা তাকে আবার তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে একটি সরিষা ক্ষেতে মেয়েটির মরদেহ পাওয়া যায়। পুলিশ এরই মধ্যে মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে, যা যথেষ্ট নয় বলে তিনি মনে করেন। তার প্রধান দাবি, ধর্ষক নূরাকে অবশ্যই ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এছাড়া আহম্মদ আলী দেওয়ানের ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত বিএনপি নেতাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন রাখেন, বিএনপি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ ও খুনের মতো জঘন্য অপরাধ কবে বন্ধ হবে।

