ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘পেট কার্নিভাল’ শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পথপ্রাণী ও পোষা প্রাণীদের সার্বিক কল্যাণে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় টিএসসির সবুজ চত্বরে এই কার্নিভাল শুরু হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণগুলোর মধ্যে ছিল ‘পেট র্যাম্প ওয়াক’ এবং ‘যেমন খুশি তেমন সাজো’, যেখানে পোষা প্রাণীদের বিভিন্ন সৃজনশীল সাজে উপস্থাপন করা হয়। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কুকুর, বিড়াল ও পাখিদের জন্য প্রায় দুই লাখ টাকা সমমূল্যের পেট ফুড, নেস্ট (বাসা) ও শেল্টার বক্স বিতরণ করা হয়।
ডাকসুর ভিপি সাদিক কায়েম এই আয়োজন সম্পর্কে বলেন, “আজকের এই কার্নিভাল মূলত একটি সচেতনতামূলক কার্যক্রম। একজন মানুষ হিসেবে জীববৈচিত্র্য রক্ষায় আমাদের প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই আয়োজনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে প্রাণীদের প্রতি মমত্ববোধ ও জীববৈচিত্র্য রক্ষায় আন্তরিকতার বার্তা ছড়িয়ে দেওয়া মূল উদ্দেশ্য।
