রাজধানী দোহায় চালানো এক হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কাতার। এই উদ্যোগের অংশ হিসেবে দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গত বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।

কাতারের ওই কর্মকর্তা মোহাম্মদ আল-খুলাইফি আইসিসি প্রেসিডেন্ট তমুকো আকানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই সফরটি একটি বিশেষজ্ঞ দলের অংশ হিসেবে করা হয়েছে। তাদের মূল কাজ হলো ‘কাতারের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ সশস্ত্র হামলার’ জবাবে সম্ভাব্য আইনি পথগুলো খতিয়ে দেখা।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় একটি হামলা চালায় ইসরায়েল। সে সময় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতারা যুক্তরাষ্ট্রের দেওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন এবং তাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। হামাস পরবর্তীতে জানায়, হামলায় তাদের কোনো শীর্ষ নেতা নিহত না হলেও পাঁচজন সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

এই হামলার প্রতিক্রিয়ায় উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোও সম্মিলিত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় জোটের যৌথ প্রতিরক্ষা কাউন্সিলের এক বিশেষ অধিবেশনে সদস্য দেশগুলো এ বিষয়ে সম্মত হয়।

এর আগে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসিতে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে গত বছরের নভেম্বরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Exit mobile version