ভারতের আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। এই চিঠিতে তিনি রাজ্যের শাসকদল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন। ভুয়া ভোটার, অবৈধ অনুপ্রবেশ, তোষণমূলক রাজনীতি, কর্মসংস্থান সংকট এবং নারী নিরাপত্তার মতো বিষয়গুলো উত্থাপন করে রাজ্য সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে। একইসাথে, প্রধানমন্ত্রী ধর্মীয় শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর মাধ্যমে নাগরিকত্ব প্রদানের আশ্বাসও দিয়েছেন।

বিভিন্ন সূত্র অনুযায়ী, ‘গৃহ সম্পর্ক অভিযান’ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর এই চিঠি রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারির শুরু থেকে পরিচালিত এই প্রচারাভিযানে দলীয় কর্মীরা সরাসরি সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করছেন এবং এর অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর লেখা এই খোলা চিঠি বিতরণ করা হচ্ছে।

চিঠির শুরুতেই প্রধানমন্ত্রী সরাসরি পশ্চিমবঙ্গবাসীকে সম্বোধন করেছন। তিনি উল্লেখ করেছেন যে, আসন্ন নির্বাচন ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে। তিনি ভোটারদেরকে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেছেন। তার দাবি, স্বাধীনতার পর দীর্ঘকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ দেশীয় অর্থনীতি ও শিল্পখাতে নেতৃত্ব দিলেও, বর্তমান শাসনব্যবস্থার অপশাসন ও তোষণমূলক রাজনীতির কারণে রাজ্য পিছিয়ে পড়েছে।

মোদি তার চিঠিতে কর্মসংস্থানের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, কাজের সুযোগ না থাকায় রাজ্যের যুবসমাজ অন্য রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। ভারী শিল্পের অনুপস্থিতি ও সরকারি স্থায়ী চাকরির সংকটকেও তিনি তুলে ধরেছেন। বিজেপি দীর্ঘ দিন ধরে এই ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করে আসছে।

নারী নিরাপত্তার বিষয়েও প্রধানমন্ত্রী তার চিঠিতে সরব হয়েছেন। যদিও তিনি কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি, তবে দাবি করেছেন যে, রাজ্যের মা ও বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুয়া ভোটার এবং অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে মোদি কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন যে, ‘সোনার বাংলা’ আজ ভুয়া ভোটারের দৌরাত্ম্য এবং নৈরাজ্যের অন্ধকারে নিমজ্জিত। তিনি যোগ করেন, সমগ্র ভারত পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং বিজেপি ক্ষমতায় এলে এসব সমস্যার সমাধান করবে। তিনি পুনরায় উল্লেখ করেন যে, বিজেপি সুযোগ পেলে ধর্মীয় শরণার্থীরা সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বিশেষত মতুয়া সম্প্রদায়ের ভোটব্যাংকের দিকে নজর দিয়েছেন। খোলা চিঠিতে বাঙালি মনীষী স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নামও স্মরণ করেছেন তিনি। তাদের আদর্শের বাংলার সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেছেন যে, দুর্নীতি ও অপশাসনমুক্ত একটি নির্ভয় সমাজ গড়ার লক্ষ্য নিয়েই বিজেপি অগ্রসর হতে চায়।

সম্প্রতি বাঙালি মনীষীদের নাম ব্যবহার করে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও, তিনি আবার তার চিঠিতে বাঙালি গর্বের ব্যক্তিত্বদের স্মরণ করেছেন। রাজনৈতিক মহলের ধারণা, এর মাধ্যমে বাঙালি আবেগের সাথে সংযোগ স্থাপনেরও চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই চিঠিকে বিজেপির নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। সরাসরি রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান স্পষ্ট করেছেন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দলীয় সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, এই চিঠিকে তারা একটি রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছে। সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রীর এই খোলা চিঠি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Exit mobile version