টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর কৃষক শ্রমিক জনতা লীগ থেকে পদত্যাগ করেছেন দলটির সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব। তিনি ৫ জানুয়ারি, সোমবার রাতে দলের কেন্দ্রীয় সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)-এর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন এবং একই রাতে তার ফেসবুক আইডিতে পদত্যাগপত্রটি প্রকাশ করেন।
এর পূর্বে কৃষক-শ্রমিক জনতা লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেয়। এই পরিস্থিতির মধ্যে, সানোয়ার হোসেন সজীব গত রোববার রাতে সখীপুর উপজেলার সিলিমপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তার প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন।
এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অনেকের দাবি ছিল যে, তিনি কৃষক-শ্রমিক জনতা লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন।
তবে সানোয়ার হোসেন সজীব এই বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি শুধু কৃষক-শ্রমিক জনতা লীগ থেকে অব্যাহতি নেওয়ার জন্য চিঠি দিয়েছি। অন্য কোনো দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিইনি। আপাতত রাজনীতির বাইরে আছি।” নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি কাদের সিদ্দিকীর দলের রাজনীতি করেছি। বিএনপিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সে কারণে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সমর্থন থাকবে।”
এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলের কেন্দ্রীয় নেতা হাবিবুন্নবী সোহেল তার ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন, “রাজনৈতিক দল একটি আদর্শিক ঠিকানা। এখানে কেউ আসে, কেউ যায়, কেউ নিষ্ক্রিয় হয় এটাই স্বাভাবিক। দল এগিয়ে যাবে জনতার সমর্থনে, তার আপন মহিমায়।”
