Saturday, September 12

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুই পরিযায়ী শ্রমিক পরিবারকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে তাদের চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের ওই বিতাড়ন আদেশ বাতিল করে দেন।

আদালত তার রায়ে বলেছেন, ‘খুব তাড়াহুড়া করে তাঁদের ভারত থেকে বিতাড়ন করা এই প্রক্রিয়ার স্পষ্ট লঙ্ঘন।’ আদালত মনে করেন, নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নটি আরও নথিপত্র এবং প্রমাণের ভিত্তিতে উপযুক্ত আদালতে বিবেচনা করা উচিত। এই বিতাড়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২ মে ২০২৫–এর মেমোর বিধিবিধান সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

যে দুটি পরিবারকে বিতাড়ন করা হয়েছিল, তাদের মধ্যে আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি, তার স্বামী দানিশ শেখ এবং তাদের আট বছরের সন্তান রয়েছে। অন্য পরিবারে রয়েছেন সুইটি বিবি (৩২) এবং তার ছয় ও ১৬ বছর বয়সী দুই ছেলে। চলতি বছরের জুন মাসে দিল্লির কে এন কাটজু মার্গ থানা পুলিশ তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠায়।

ভুক্তভোগী পরিবারগুলোর স্বজনেরা তাদের ফিরিয়ে আনতে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস (বন্দীকে আদালতে হাজির করা) আবেদন করেন। সোনালির বাবা ভোদু শেখ তার অনাগত সন্তানের নাগরিকত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই আবেদনটি করেছিলেন।

শুক্রবার আদালত এই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে কেন্দ্রীয় সরকারের করা আবেদনও খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে আটক ব্যক্তিদের ‘বাংলাদেশি নাগরিক’ হিসেবে চিহ্নিত করার সরকারি পদক্ষেপের সমালোচনাও করেন আদালত।

Exit mobile version