বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অত্যন্ত উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে পালন করেছে। দূতাবাস প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা করেন। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরবর্তীতে, দূতাবাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটির দ্বিতীয় পর্বে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়। এসময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের উচিত দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেদের অবস্থান থেকে নিরলসভাবে অবদান রাখা।

অনুষ্ঠানের অংশ হিসেবে দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপের বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে, ভাষা শহীদ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং জাতির অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার দ্বারা ইফতার ও সান্ধ্য ভোজের আপ্যায়ন করা হয়।

Exit mobile version