বিশিষ্ট সংগীতশিল্পী ইমন চক্রবর্তী তাঁর মা তৃষ্ণা চক্রবর্তীকে হারানোর ১২ বছর পূর্তিতে একটি আবেগঘন পোস্ট করেছেন। এই জনপ্রিয় গায়িকা তাঁর সংগীত সাধনা এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রেই মায়ের অবদান স্মরণ করেছেন। তাঁর মা-ই ছিলেন তাঁর প্রথম সংগীতগুরু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের প্রতি তাঁর আগ্রহ তৈরিতে মায়ের ভূমিকা ছিল অপরিসীম।

অনেক আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করলেও প্রতিটি সাফল্যের মুহূর্তে তিনি মায়ের উপস্থিতি অনুভব করেন। আজ মাকে হারানোর এক যুগ পূর্ণ হওয়ায় তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে গায়িকা লিখেছেন, “লাইফ ইজ গেটিং হার্ডার উইদাউট ইউ ডে বাই ডে… তুমি ফিরে এসো পারলে। প্লিজ ফিরে এসো মা।”

ইমনের ভাষ্যমতে, মা-হারা হওয়ার দিনটিই তাঁকে ‘বড়’ করে দিয়েছে। এই ১২ বছরে তিনি অনেক কিছু দেখেছেন এবং শিখেছেন। তবে মায়ের অনুপস্থিতিতে জীবন আরও কঠিন হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেছেন।

তাঁর এই হৃদয়বিদারক পোস্টে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা শোক ও সান্ত্বনা প্রকাশ করেছেন। সুদীপ্তা চক্রবর্তীসহ টালিগঞ্জের অনেক সুপরিচিত মুখ এই পোস্টে ইমনের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁরা ইমনকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, মা কখনো দূরে যান না, তিনি সর্বদা আশীর্বাদ হয়ে সন্তানের পাশে থাকেন।

উল্লেখ্য, ইমন চক্রবর্তী খুব শিগগিরই নতুন পরিচয়ে আবির্ভূত হতে চলেছেন। সুমন ঘোষের পরিচালনায় উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিতব্য ‘ফ্যামিলিওয়ালা’ চলচ্চিত্রে তিনি ‘ঠাকুরজামাই’ শিরোনামের একটি গানে নাচ করবেন। এই গানটির কথা ও সুর করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং এর সংগীতায়োজনে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

Exit mobile version