গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে আবারও ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। পরিষদের অন্য ১৪টি সদস্য দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রের একার বিরোধিতায় তা বাতিল হয়ে যায়। গত প্রায় দুই বছরের সংঘাতে এ নিয়ে ষষ্ঠবারের মতো ওয়াশিংটন এমন পদক্ষেপ নিলো।

নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০টি সদস্য দেশের পক্ষ থেকে উত্থাপিত এই খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে একটি স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের সম্মানজনক মুক্তি এবং উপত্যকা থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিয়ে ত্রাণ সরবরাহের সুযোগ দেওয়ার দাবিও এতে অন্তর্ভুক্ত ছিল।

ওয়াশিংটনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে তারা একে ‘গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা’ বলে উল্লেখ করেছে।

ভোটাভুটির আগে পরিষদে দেওয়া বক্তব্যে জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন গাজার মানবিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত একটি বিষয়। অনুমান নয়, ঘোষণা নয়— এটা এখন নিশ্চিত।’ তিনি আরও বলেন, গাজা সিটিতে ইসরায়েলের বর্ধিত সামরিক অভিযানের ফলে বেসামরিক মানুষের দুর্ভোগ বেড়েছে, যা এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা অন্তত ৬৫ হাজার ১৪১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন। এই তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

Exit mobile version