সংযুক্ত আরব আমিরাতে ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি জানান, গত কয়েক দিনে ইরান ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন সংযুক্ত আরব আমিরাতের দিকে নিক্ষেপ করেছে। এর মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত হানার পূর্বেই ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানি উৎক্ষেপিত ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পতিত হয়েছে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

আল হুমাইদি আরও বলেন, আটটি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, ইরানি হামলায় তিনটি প্রাণহানি ছাড়াও ৬৮ জন আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মাঝারি ও সামান্য পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত “কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না”। তার মতে, আগ্রাসন মোকাবিলায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের অধিকার আমিরাতের রয়েছে।

Exit mobile version