গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রতীক ধানের শীষের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এই বিষয়ে কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির খান একটি চিঠির মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ দাখিল করেছেন। দলের মহাসচিবের মাধ্যমে পাঠানো এই চিঠিটি গত ২৪ ফেব্রুয়ারি দল কর্তৃক গৃহীত হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের শুরু থেকেই চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমানের বিরোধিতা করেছেন। উপরন্তু, তিনি জামায়াত মনোনীত প্রার্থী শাহ আলম বকশির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও অভিযোগে বলা হয়েছে, জেলা বিএনপির সদস্য সচিব পদে আসীন হওয়ার পর তিনি ৩৬ জন আওয়ামী লীগ সমর্থককে অন্তর্ভুক্ত করে ৮২ সদস্যের একটি নতুন কমিটি গঠন করেছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী বলিয়াদী কেন্দ্রে ভোট দেন। ওই কেন্দ্রে ধানের শীষের প্রার্থী পরাজিত হন, অথচ পূর্ববর্তী সকল নির্বাচনে এই কেন্দ্রে ধানের শীষ ৯৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে। গুরুতর অভিযোগে বলা হয়েছে যে, জামায়াত প্রার্থীর কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়ে তিনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, নিজে সংসদ নির্বাচনে প্রার্থী হতে না পারায় তিনি ধানের শীষের প্রার্থীকে পরাজিত করার উদ্দেশ্যে তার বড় ভাই ইসরাক আহমেদ সিদ্দিকীকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন।

Exit mobile version