টাঙ্গাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত রোববার (৪ জানুয়ারি) পরিচালিত এক অভিযানে এই অর্থদণ্ড দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সদর উপজেলার করটিয়া ইউনিয়নের কাগমারী এলাকার আজাদ ট্রেডার্স, জামান ট্রেডার্স এবং আসমা ট্রেডার্স। এর মধ্যে আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং আসমা ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Exit mobile version