ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাত গভীর হওয়ার পর এক নারীকে লাঠি নিয়ে তেড়ে আসার একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার রাতে ঘটে যাওয়া এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ভিডিওতে অভিযুক্ত শনাক্ত হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজন গাজীপুরের কালিয়াকৈরে সংঘটিত একটি হত্যা মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব লাঠি হাতে এক নারী শিক্ষার্থীর দিকে অগ্রসর হচ্ছেন। একই ভিডিওতে ২০২৩-২৪ সেশনের থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তুষারকেও দেখা যায়। ভিডিওতে ভুক্তভোগী নারীকে কান্নায় ভেঙে পড়ে বিচার চাইতে দেখা গেছে।

ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, ঘটনার রাতে তারা সেহরি খেয়ে পুরান ঢাকা থেকে টিএসসিতে ঘুরতে এসেছিলেন। একপর্যায়ে তাদের হেনস্তা করা হয়েছে বলে ভিডিওতে অভিযোগ করতে দেখা যায়। ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন যে, ওই ছাত্র তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন। ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে এক নারীকে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমার গায়ে কেন হাত তুলবে?’

উল্লেখযোগ্য বিষয় হলো, অভিযুক্ত শিক্ষার্থী আহমেদ রাকিব ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের কালিয়াকৈরে সংঘটিত চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার আসামি। এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানা পুলিশের এসআই স্বপন মিয়া জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকর্মীকে জানান, “আমরা প্রচারিত ভিডিওটি দেখেছি। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।”

Exit mobile version