দুর্নীতির মামলায় অভিযুক্ত পলাতক আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারের জন্য রেড নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে কোনো অর্থ পরিশোধ না করে ফ্ল্যাটের দখল নেওয়ার অভিযোগ রয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
