তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন যে অনলাইন নিউজ পোর্টাল এবং আইপি টিভিগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার অধীনে আনা হবে। মোবাইল ফোন ব্যবহার করে যারা পোর্টাল পরিচালনা করছেন, তাদেরকে সরকারি বিধি-নিষেধ মেনে কাজ করতে হবে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। প্রধানমন্ত্রী মনে করেন, গণতন্ত্রের বিকাশে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। তবে, বিগত ১৭ বছর এই মন্ত্রণালয় যেভাবে দুর্নীতি ও অনিয়মের মধ্যে চলেছে, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে, এখন আর তা হবে না। সবকিছুই নিয়মের ভিত্তিতে পরিচালিত হবে।

নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী সম্মিলিত সাংবাদিক সমাজ এবং গফরগাঁও প্রেসক্লাবের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটি ছিল নান্দাইলে প্রতিমন্ত্রীর প্রথম সরকারি সফর। দুপুরে নান্দাইল পৌঁছালে জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেন এবং নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

Exit mobile version