লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া সতর্ক করে বলেছেন যে, দলের নাম ব্যবহার করে অনৈতিক কার্যকলাপে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দৃঢ়ভাবে জানান, বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম বা অনৈতিক কাজ বরদাশত করা হবে না এবং এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য রাজনীতিকে জনসেবার মাধ্যম হিসেবে দেখার কথাও তিনি উল্লেখ করেন।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী সময়ে রায়পুর উপজেলার চরআবাবিল, উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী ইউনিয়ন এবং সংশ্লিষ্ট দলীয় কার্যালয় ও ইফতার মাহফিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করার সময় তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকালে স্থানীয় জনসাধারণ সড়ক ব্যবস্থার দুরবস্থা, জলাবদ্ধতা, কর্মসংস্থানের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। এসব সমস্যার পরিপ্রেক্ষিতে নবনির্বাচিত এই সংসদ সদস্য প্রতিশ্রুতি দেন যে, জনগণের প্রত্যাশা পূরণে তিনি উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেবেন। এর মধ্যে রাস্তাঘাট সংস্কার, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি মদিনা সনদের আদলে রাষ্ট্র গঠনের বিষয়েও তার অভিমত ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ব্যক্তি স্বার্থে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই সময় তিনি স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার করেন এবং দলের সকল নেতাকর্মীকে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানগুলোতে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূইয়াসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল ও সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version