মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতি এবং সেখানকার সংঘাতময় পরিবেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ইস্যুতে ঢাকায় নিযুক্ত চারটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রবিবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বৈঠক করেন সৌদি আরব, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস প্রতিনিধিদের সঙ্গে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং এসব দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি পররাষ্ট্র সচিব বিশেষভাবে তুলে ধরেন।
এর আগে শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। ওই বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গভীর পর্যালোচনা করা হয়। বিশেষত, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে উদ্ভূত বিরোধপূর্ণ পরিস্থিতি এবং এ কারণে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া, সভার সময় তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করা হয়।
